ক্যান্সার

শ্বেত কনিকার আকস্মিকই বিদ্রোহ,
জন্ম নেবে না কিছুতেই,
থামাবে রক্ত প্রবাহ!
শিরা উপশিরা থেকে হৃদপিন্ড,
শুকিয়ে কাঠ ধমনিজাল
কোন আজন্ম পাপের শাস্তি পাচ্ছে এ দেহ?

আর হয়ত কয়েক সেকেন্ড পরেই!
জানা হয়ে গেছে সময়ের সমাপ্তি।
হয়নি দেখা নিয়ন আলোয়
বাইপাস ধরে হেটে চলা রাতে
ঝড়ো বৃষ্টি কণায় জীবন।
অথবা আলোকচ্ছটায় বিরক্ত ভ্রুকুটির অন্তরালে !

দেখা হবে না জানি কখনোই,
কল্পনায় হাতড়ে খুজি সহজ নিয়ম।
শব্দের কারাগার চিরে কবিতায় আগের মতনই,
জীবনের মানে খোজায় ব্যস্ত সময়।

স্বপ্নের আকাশে এলোমেলো আঁকিবুঁকি,
আঙুল উচিয়ে স্পষ্ট মৃত্যু দেখানোর মানে কি?
যত ইচ্ছে মেঘ হয়ে জমেছিল আকাশে,
হাসপাতালের বাইরের বারান্দায় ছেড়া কাগজ হয়ে জমে আছে!
অবশিষ্ট পড়ে আছে জলন্ত মোমবাতির নীচে,
নিজেকে গুছিয়ে নিয়ে হাঁটছে পথিক এলোমেলো,
হঠাৎই দাঁড়িয়ে দেখবে হয়ত পৃথিবীটা পেছনে...
ক্রমশ মিলিয়ে যাবে।
দিশেহারা পথিক!
বিদায় নেবার সময় হয়ে এলো বলে!




Comments